শিলচর-আইজল জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২, গুরুতর আহত ৪

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট :
আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দুই সদস্য। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। সোমবার দুপুর সাড়ে ১টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের পাকইবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিলচরের তরণী রোড থেকে ধলাই সপ্তগ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল পরিবারটি। পথে এএস-১১-সি-৫২১৮ নম্বরের একটি ইলেকট্রিক অটোর সঙ্গে এএস-১১-এফসি-৩৮১৮ নম্বরের একটি স্কুল ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোর যাত্রীরা ছিটকে পড়েন এবং অটোটিও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ৫৮ বছর বয়সি বেবুল উদ্দিন লস্কর এবং দুই বছরের শিশু মেহনাজ বেগম লস্করকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সায়রা বেগম লস্কর, সোহানা বেগম লস্কর, সাবির উদ্দিন লস্কর এবং পাঁচ বছরের শিশু সুহানি বেগম লস্কর। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ও আহতরা একই পরিবারের সদস্য। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পাকইবিল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *