শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল কালাইন-শিলচর সড়ক সংস্কারের দাবিতে শনিবার ভাঙ্গারপার বাজারে সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনে শামিল হয়ে রাজ্য সরকার, পূর্তমন্ত্রী ও পূর্ত বিভাগের বিরুদ্ধে স্লোগান তোলেন প্রতিবাদীরা। অবরোধের জেরে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বৃষ্টিতে গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শুকনো আবহাওয়ায় ধুলোর কারণে দুর্ভোগ বাড়ছে। নিত্যযাত্রী, ব্যবসায়ী ও পড়ুয়াদের প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে।
কাটিগড়া, বড়খলা ও শিলচর এই তিনটি বিধানসভা এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে রয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছে বলে জানান আন্দোলনকারীরা।

এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কংগ্রেসের প্রতিনিধিরাও অবরোধে অংশ নেন। জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর জানান, সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

অবরোধের ফলে সড়কের দু’পাশে বহু যানবাহন আটকে পড়ে। এখন দেখার, জনতার এই প্রতিবাদের পর সড়ক সংস্কারে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



