পাঁচগ্রামের ইনট্যাক মাঠে পূর্ণাঙ্গ স্টেডিয়ামের সম্ভাবনা, আগে অবৈধ দখলমুক্ত করার ওপর জোর কমলাক্ষের

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ জুলাই :
পাঁচগ্রামের ইনট্যাক মাঠকে ভবিষ্যতে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তবে এই স্বপ্ন বাস্তবায়নের আগে মাঠ ও সংলগ্ন এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইনটেক মাঠে অনুষ্ঠিত কমলাক্ষ দে পুরকায়স্থ নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ক্রীড়াপ্রেমী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা মাঠে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। তাদের এই দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের জন্য পর্যাপ্ত জমির প্রয়োজন। কিন্তু বর্তমানে ইন্ট্যাক মাঠের আশপাশের কিছু অংশ বিভিন্নভাবে দখল হয়ে থাকায় পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে। তাই প্রথমেই অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিতে হবে।

তিনি আরও জানান, একটি আন্তর্জাতিক মানের বা আধুনিক স্টেডিয়াম নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন। এ লক্ষ্যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদন জানাবেন।

স্থানীয়দের মতে, পাঁচগ্রামে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মিত হলে শুধু এলাকার নয়, আশপাশের বহু প্রতিভাবান খেলোয়াড়ও উন্নত ক্রীড়া পরিকাঠামোর সুযোগ পাবেন। একই সঙ্গে এই অঞ্চলের ক্রীড়া চর্চা আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের জন্য তৈরি হবে সম্ভাবনার নতুন দিগন্ত। এ বিষয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বক্তব্যও অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আশার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *