কথা রাখলেন কমলাক্ষ, অবশেষে কালাইন এলাকায় জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু

Spread the news

বরাক তরঙ্গ, ২২ জুন : দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নাগরিকদের ক্ষোভের মুখে অবশেষে কালাইন এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। রবিবার কালাইন বাজারে অনুষ্ঠিত নাগরিক সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই সোমবার থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়। এদিন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উপস্থিত থেকে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

উল্লেখ্য, শিলচর-গুয়াহাটি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যাত্রী, পরিবহণ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এই পরিস্থিতি নিয়ে রবিবার কালাইন বাজারে এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, NHIDCL-এর আধিকারিক, প্রশাসনিক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সড়কের দুরবস্থা, নির্মাণকাজে অনিয়ম এবং রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উত্থাপিত হয়। বিশেষ করে কালাইন মণ্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান এবং জনস্বার্থে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নাগরিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকেই কালাইন বাজার এলাকার ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ শুরু হয়। কাজ পরিদর্শন করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত ও মানসম্পন্নভাবে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
দীর্ঘ প্রতীক্ষার পর সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, সাময়িক সংস্কারের পাশাপাশি জাতীয় সড়কের স্থায়ী সমাধানের জন্যও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *