১১ আগস্ট : মার্কিন আদালতে বিরাট স্বস্তি পেলেন গৌতম আদানি। সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা মামলা খারিজ করে দিলেন জেলা বিচারক। জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ ছিল ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে। দিনকয়েক আগেই মার্কিন বিচার দপ্তর জানিয়েছিল, তারা এই মামলা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয়। অবশেষে সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলা খারিজ হয়েছে। স্বস্তির শ্বাস ফেলে আদানির প্রতিক্রিয়া, সময় কঠিন হলেও বিচার বিভাগের প্রতি আস্থা হারাননি। আদালতের এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করছেন।
অভিযোগ ছিল, গৌতমের মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ (এজিএল) বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের (যার মধ্যে মন্ত্রী, জনপ্রতিনিধিরাও রয়েছেন) ঘুষ দিয়েছিল। ঘুষের অঙ্ক ২৬.৫ কোটি ডলার (২০২৯ কোটি টাকা)। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারীদেরও মিথ্যা প্রত্যাশা দেওয়ার অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। তার ভিত্তিতে ২০২৪ সালের নভেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে আদানিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
যদিও প্রথম থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। তবে চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে আমেরিকা থেকে সমন পাঠানো হয় গৌতম ও তাঁর ভাইপো সাগর আদানিকে। তদন্তে সহযোগিতার বার্তা দেন তাঁরা। তার কয়েকমাস পরেই মামলা থেকে সরে দাঁড়াতে চায় মার্কিন বিচার দপ্তর। তাদের মতে, আন্তর্জাতিক এই ইস্যু মার্কিন আদালতে যুক্তি-সহ প্রমাণ করা বেশ কঠিন। আপাতত এই ইস্যুতে মামলা চালিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। তারপর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার ব্রুকলিন জেলা আদালতের বিচারক নিকোলাস গারাউফিস জানান, মামলা খারিজ হয়েছে।



