মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ জুন : বরাক উপত্যকার সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অন্যতম ধারক-বাহক বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে সোমবার এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সংবর্ধনা গ্রহণ করে আবেগাপ্লুত মন্ত্রী বলেন, “এই সংগঠনের সঙ্গে আমার সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, হৃদয়ের। এখানকার সদস্যরা আমার আপনজন। তাঁদের কাছ থেকে জীবনের বিভিন্ন সময়ে পরামর্শ, অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছি। আজ তাঁদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আমি সত্যিই কৃতার্থ।”
তিনি বলেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি সমাজের অগ্রগতির জন্য শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি সতু রায়, প্রাক্তন সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী, জেলা সভাপতি সুবীরবরণ রায়, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়, প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, শ্রীভূমি পৌরসভার পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জনমুখী কর্মধারা, উন্নয়নমূলক উদ্যোগ এবং বরাক উপত্যকার প্রতি তাঁর আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। জবাবে মন্ত্রী সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বরাক বঙ্গ কেবল একটি সংগঠন নয়, এটি বরাকের সাংস্কৃতিক চেতনার প্রতীক। এর অগ্রযাত্রায় আমি সর্বদা পাশে থাকব।”

অনুষ্ঠানের শেষে উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া প্রদান করে মন্ত্রীকে সম্মাননা জানানো হয়। সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই অনুষ্ঠান বরাক উপত্যকার ঐক্য ও উন্নয়নের প্রতি সম্মিলিত অঙ্গীকারের এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে।



