বন বিভাগের বদলিতে অনলাইন পোর্টাল চালু, একদিনেই স্থানান্তর ২০৬৭ কর্মী

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : পূজার মরশুমে পরিবেশ, জলবায়ু ও বন বিভাগের কর্মীদের জন্য সুখবর। বন বিভাগে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চালু করা হল অনলাইন আবেদন ব্যবস্থা। এখন থেকে তিন বছর চাকরির মেয়াদ সম্পূর্ণ করা কর্মীরা অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পোর্টালটি উদ্বোধন করেন। পোর্টাল চালুর দিনই প্রায় ৪৫০০টি আবেদনের মধ্যে ২০৬৭ জন কর্মীকে বদলি করা হয়েছে।

বন বিভাগের তিনটি উইংয়ের ছয়টি পর্যায়ের আধিকারিক ও কর্মীদের এই বদলি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। তবে ৫২ বছরের ঊর্ধ্বে কর্মীদের এই ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। ওয়াইল্ডলাইফ উইংকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বন বিভাগের কর্মীদের ১৫০ কিলোমিটারের মধ্যে বদলি করা হয়েছে। বন বিভাগের মতো অন্যান্য বিভাগেও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অনলাইন ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বন বিভাগের রাজস্ব বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর মতে, গতবার বন বিভাগের রাজস্ব ছিল ৭০০ কোটি টাকা। এবার সেই আয় আরও বাড়াতে হবে। কাজিরাঙায় গণ্ডার হত্যা বন্ধ করার ক্ষেত্রে সাফল্যের কথা উল্লেখ করে অন্যান্য বন্যপ্রাণী হত্যা বন্ধ করতেও কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

শুধু পাথর ও বালির মহল সংক্রান্ত খবরের মধ্যেই বন বিভাগকে সীমাবদ্ধ না রেখে, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করে আসা বনকর্মীদের অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রী। এদিকে, দেশীয় প্রজাতির গাছকে অগ্রাধিকার দিয়ে আগামী এপ্রিল মাসে রাজ্যজুড়ে ২ কোটি ৫০ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বদলি সংক্রান্ত অনলাইন পোর্টাল উদ্বোধনের পাশাপাশি বন বিভাগের উন্নয়নে একাধিক পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে বনাঞ্চলে অবৈধ দখল রোধ, ইতিমধ্যে দখল হওয়া জমি দখলমুক্ত করা, অবৈধ খনি ও পাথর উত্তোলন বন্ধ করা এবং উপগ্রহের মাধ্যমে বনাঞ্চলে বেদখলের তথ্য সংগ্রহ করা। বন বিভাগের কাজকর্মে স্বচ্ছতা বৃদ্ধি এবং বনসম্পদ রক্ষায় এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *