বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ভাগাবাজারের ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটির নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাথর ছুড়ে ভাঙচুর এবং দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুলে আহমেদ লস্কর ওরফে ‘গুলোই’কে গ্রেফতার করেছে ধলাই পুলিশ।
জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ নেশামুক্তি কেন্দ্রে আচমকা পাথর ছোড়ার ঘটনা ঘটে। অভিযোগ, এরপর কেন্দ্রের দুই কর্মী রাহুল সিংহ ও আনোয়ার হুসেনের ওপর হামলা চালানো হয়। ঘটনার সময় কেন্দ্রের পরিচালক সালেহ আহমদ লস্কর ঘটনাস্থলে পৌঁছালে তাঁর ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
আহত কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে গুলে আহমেদ তাঁদের রাস্তায় আটকে অবৈধভাবে ‘গুন্ডা ট্যাক্স’ দাবি করতেন। দাবি পূরণ না করলে গালিগালাজ ও হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। এদিনও একই কারণে হামলা চালানো হয়েছে বলে তাঁরা জানান। হট্টগোলের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে ধলাই পুলিশ গুলে আহমেদ লস্করকে গ্রেফতার করে।
কেন্দ্রের পরিচালক সালেহ আহমদ লস্করের অভিযোগ, তাঁর ছোট ভাই গুলে আহমদ দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যার কারণে এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছেন। বিভিন্ন অপরাধে এর আগে তাঁকে একাধিকবার গ্রেফতার ও কারাগারে পাঠানো হলেও মুক্তির পর ফের একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে টাকা আদায়, ছিনতাইসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে সালেহ আহমদ লস্কর জেলা পুলিশ ও প্রশাসনের কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



