বরাক তরঙ্গ, ৩০ জুন : উধারবন্দ বিধানসভা এলাকার মাঝারগ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর নাশকতার ঘটনা। দুর্বৃত্তরা গভীর রাতে একটি ফিশারির জলে বিষ মিশিয়ে প্রায় ৪০ কুইন্টাল মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, উধারবন্দের তিন যুবক বাপ্পা চৌধুরী, বাবলু চৌধুরী ও বাপি চৌধুরী—দীর্ঘদিন ধরে টেন্ট হাউসের ব্যবসার পাশাপাশি মাঝারগ্রামে কয়েক বিঘা জমিতে একটি মাছের খামার গড়ে তোলেন। কয়েক মাস আগে সেখানে প্রায় ৮ লক্ষ টাকার মাছের পোনা ছাড়া হয়। দিনরাত পরিশ্রম করে মাছগুলো বড় করে তোলার পর বিক্রির উপযুক্ত সময়ে পৌঁছাতেই দুষ্কৃতীরা গভীর রাতে ফিশারির জলে বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ।.পরদিন সকালে ফিশারির পানিতে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় তিন যুবকের বহু মাসের পরিশ্রম ও স্বপ্ন।
ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঈর্ষা ও বিদ্বেষ থেকেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিনাক কান্তি রায়। ক্ষতিগ্রস্ত বাপ্পা চৌধুরী বলেন, “এত বড় ক্ষতির পর নতুন করে ব্যবসা শুরু করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত তিন যুবক উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন।



