নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগে নির্দোষ দাবি মাদুরো দম্পতির

Spread the news

১৬ অক্টোবর : ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তাঁদের বিরুদ্ধে আনা নতুন অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুনানিতে দুজনই অভিযোগের দায় অস্বীকার করেন।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে শুনানির সময় বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর কাছে অভিযোগের বিষয়ে তাঁর অবস্থান জানতে চান। জবাবে মাদুরো বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। বিচারক আবারও তাঁর অবস্থান জানতে চাইলে মাদুরো বলেন, ‘আমি এই নথি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’ পরে বিচারক আদালতের নথিতে তাঁর পক্ষে নির্দোষ দাবি নথিভুক্ত করার নির্দেশ দেন।

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও অভিযোগের বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং অভিযোগের দায় স্বীকার করছেন না।

শুনানিতে মামলার বিচার শুরু দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেয় কৌঁসুলিপক্ষ। মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত সময়সূচিকে বেশ কঠিন বলে বর্ণনা করেন। তবে তিনি আশা প্রকাশ করেন, ওই সময়সূচি মেনে চলা সম্ভব হবে।
তথ্যসূত্র: তাস, খবর :দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *