প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪

Spread the news

১৬ অক্টোবর : যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু ও এক শিক্ষক। হামলার সন্দেহভাজন ১৬ বছর বয়সি কিশোরও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। বিদ্যালয়টি অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স যথাক্রমে ৫, ৮ ও ১১ বছর। হামলায় আহত সাত বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সন্দেহভাজন কিশোরটি বেন্ড শহরের বাসিন্দা। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুলের বন্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করেছিল সে।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে স্কুলের বাইরে একটি গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে জরুরি পরিষেবায় প্রথম ফোন আসে। পরে বিদ্যালয়ের ভেতরে বন্দুকধারী থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় স্থানীয় এক ব্যক্তি সন্দেহভাজন কিশোরটিকে ধাওয়া করে গুলি চালান। পরে স্কুলের ভেতর থেকে কিশোরটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখান থেকেই অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পান। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বহু অভিভাবক ঘটনাস্থলে অপেক্ষা করেন।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলার সমস্ত স্কুলে পঠনপাঠন, খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

এদিকে, বন্দুক হামলার ঘটনার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *