বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কোকরাঝাড় জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী রাইমোনা জাতীয় উদ্যানে বন দফতরের গুলিচালনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ফুংখা বসুমতারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি কচুগাঁও বন বিভাগের আঠিয়াবাড়ি রেঞ্জের ১৩ নম্বর রাইট এলাকায় ঘটেছে।
বন দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বনরক্ষীদের একটি দল নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় ওই এলাকায় পৌঁছালে অবৈধ কাঠ পাচারকারীদের সঙ্গে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনকর্মীরা কয়েক রাউন্ড গুলি চালান। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, অবৈধভাবে গাছ কাটার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনার পর এক ব্যক্তি নিখোঁজ থাকার খবর সামনে আসে। বুধবার বন দফতর ও পুলিশের যৌথ দল ঘটনাস্থল সংলগ্ন বনাঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। পরে ফুংখা বসুমতারির দেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলের গভীর জঙ্গলে মোট ছয়জন ব্যক্তি অবস্থান করছিলেন। গুলিচালনার পর তাঁদের মধ্যে পাঁচজন বাড়ি ফিরে এলেও একজন নিখোঁজ ছিলেন। পরে ওই ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দণ্ডাধীশ ও বন বিভাগের শীর্ষ আধিকারিকরা পৌঁছে তদন্ত শুরু করেছেন। গুলিচালনার প্রকৃত কারণ, বনরক্ষীদের পদক্ষেপ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



