বরাক তরঙ্গ, ২১ জুন : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, ছাত্রকল্যাণ বিভাগের ডিন ড. জয়দীপ পাল, বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষার্থী, এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবক ।
প্রদীপ প্রজ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপাচার্য আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “Yoga for Healthy Aging”-এর গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকলকে সুস্থ জীবনযাপনের জন্য যোগকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রক স্বীকৃত নিরাময় স্কুল অব যোগা এডুকেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যোগাচার্য রাহুল ও শতাক্ষী ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত যোগসেশনে বিভিন্ন যোগাসন, প্রাণায়াম এবং সূর্য নমস্কার অনুশীলন করা হয়। অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে যোগচর্চায় অংশগ্রহণ করেন।

যোগব্যায়ামের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারার প্রসারে আয়োজিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। পরিশেষে শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



