
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল শ্রীভূমি রামকৃষ্ণ মিশন। শুক্রবার সকালে লাতুর শ্রীশ্রী জয়কালী বাড়িতে মিশনের উদ্যোগে এক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে লাতু, বালিদারা, চালিয়াদি, তেশুয়া-সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের মোট ২০০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দজী মহারাজ। তিনি নিজে উপভোক্তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মহারাজ বলেন, মানুষের সেবাই ঈশ্বরের সেবা। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে আর্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রামকৃষ্ণ মিশনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারলেও এই ধরনের উদ্যোগের সার্থকতা রয়েছে। আগামী দিনেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এদিনের কর্মসূচিতে আশ্রমের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত থেকে সহযোগিতা করেন কিরণ্ময় দাস, সজল শুক্ল ও শুভ্রাংশু চক্রবর্তী। তাঁদের সক্রিয় সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। মিশনের এই উদ্যোগে উপকৃত হন এলাকার বহু দরিদ্র ও শীতার্ত মানুষ।



