বরাক তরঙ্গ, ২৬ জুন : শুক্রবার শিলচরের লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে আন্তর্জাতিক মাদকদ্রব্য ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে দুপুরে কেন্দ্রের চিকিৎসাধীন নেশাসক্তদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মাদকবিরোধী জনসচেতনতা, পুনর্বাসন ও সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে ব্যক্তির ও সামাজিক দায়িত্ব নিয়ে কথা বলা হয়।
সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর কেএইচ ধরেন্দ্র সিংহ। তিনি বলেন, “সারা বিশ্বেই মাদকপাচার একটি গভীর সমস্যা। মাদক নেওয়ার ফলে শিক্ষা ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়ে এবং সমাজে অপরাধমূলক কার্যক্রম বাড়তে থাকে। মাদকাসক্তি মানুষের শরীর ও মনের উপর বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলে।” তিনি আরও যোগ করেন, মাদকাসক্তি শুধুমাত্র ব্যক্তির স্বাস্থ্যই ধ্বংস করে না, বরং পরিবার ও পেশাজীবনকেও অচল করে দেয়।
সভাপতি সাজানূল হক বড়ভূঁইয়া বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আজকের দিনটি পালন করা হয়। মানুষের জীবন ও স্বাস্থ্যের ক্ষতি এড়াতে সবাইকে মাদকাসক্তি থেকে বিরত থাকার পরামর্শ দিতে হবে। আল্পকালিক মানসিক শান্তির জন্য মানুষ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করলে তার ফল ভোগ করতে হয়।” তিনি মাদকাসক্তির ফলে হওয়া আর্থিক সংকট, সম্পর্কের অবনতি ও পেশাগত জীবনের ক্ষতির ওপরও গুরুত্ব দেন।
সম্পাদক গুড্ডু কুমার সিং বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও টেকসই ফল পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে। পরিবারিক সমর্থন, সমাজভিত্তিক মনোযোগ এবং পুনর্বাসন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানো সময়ের দাবি।”
আলোচনা সভায় বারুয়া দেববর্মা, জায়েদ লস্কর, কন্টন বর্ধন, তপজ্যোতি সেন, কপিল দেববর্মা সহ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও উপস্থিতরা অংশ নেন।



