শিক্ষাগ্রহণের উপযোগী পরিবেশ গড়তে পরিকাঠামোগত উন্নয়ন জরুরি : কণাদ

Spread the news

জগন্নাথ সিং কলেজে অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন_____

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিক্ষার্থীদের সুষ্ঠু ও অনুকূল পরিবেশে শিক্ষাগ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৃহস্পতিবার উধারবন্দের জগন্নাথ সিং কলেজে অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এ দিন ২০২৫–২৬ অর্থবছরে পিএমকেকেওয়াই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কলেজের নতুন অতিরিক্ত শ্রেণিকক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ কণাদ পুরকায়স্থ। এ উপলক্ষে কলেজের কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার জন্য পর্যাপ্ত ও উন্নত পরিকাঠামো থাকা অত্যন্ত জরুরি। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি সোমনাথ দেব, শিক্ষাবিদ সূর্য কুমার শর্মা এবং উধারবন্দ জেলা পরিষদ সদস্য রোহিত সিং। উপস্থিত ছিলেন সার্কেল অফিসার প্রণবানন্দ দোয়ারা, বিজেপির উধারবন্দ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি জগন্নাথ রায়, রিঙ্কু দাস, সমাজকর্মী অমলকান্তি দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের পরিবেশিত ভারতমাতার বন্দনা সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সাংসদ কণাদ পুরকায়স্থ, সার্কেল অফিসার প্রণবানন্দ দোয়ারা, কলেজ পরিচালনা সমিতির সভাপতি সোমনাথ দেব, অধ্যক্ষ এস সমরেন্দ্র সিংহ এবং শিক্ষাবিদ সূর্য কুমার শর্মা পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন।

স্বাগত বক্তব্যে শিক্ষক কৌশিক নাথ অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয়, স্মারক ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। শেষে ধন্যবাদজ্ঞাপন বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *