জলপাইগুড়িতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সম্মানিত হচ্ছেন বরাকের কবি নীহাররঞ্জন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ জুন : আগামী ১৪ জুন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রসারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবী নীহার রঞ্জন দেবনাথ। একই অনুষ্ঠানে তাঁকে সম্মানজনক ‘কবি মহারাজ’ উপাধিতে ভূষিত করা হবে।
পশ্চিমবঙ্গের সুপরিচিত সাহিত্য সংগঠন উত্তরের নব দিগন্ত সাহিত্য পত্রিকা গোষ্ঠী এবং মুক্তকথা সাহিত্য গোষ্ঠী-র যৌথ উদ্যোগে ধূপগুড়ির ঐতিহ্যবাহী কালাচাঁদ দরবেশ মঞ্চ-এ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সঙ্গীতশিল্পী অংশ নেবেন।

মুক্তকথা সাহিত্য পরিবারের কর্ণধার ও বিশিষ্ট কবি আনারুল ইসলাম প্রামানিক জানান, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করাই এই বৃহৎ আয়োজনের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু গুণীজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

এই সম্মেলনে আসাম থেকে অংশগ্রহণ করবেন পাঁচজন বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে রয়েছেন কবি নীহার রঞ্জন দেবনাথ, কবি বিষ্ণুপদ দাস, সঙ্গীতশিল্পী লিপিকা দেবনাথ, শ্রীভূমির কবি জয়ন্তী নাথ এবং গুয়াহাটির বিশিষ্ট অসমীয়া সঙ্গীতশিল্পী রেণু দাস। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত থাকবেন নীহাররঞ্জন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *