১১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মনোজ পালের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর: শিলচর পুর নিগম নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা প্রাক্তন পুরপতি মনোজ পালের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার সন্ধ্যায়। নাজিরপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডের বাসিন্দা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে উপস্থিতদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান মনোজ পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুমন্ত্র সারথি এন্দো, আশিস এন্দো, অশোক গুলগুলিয়া, ঝুমকি সাহা, রাজ কুমার পাল-সহ অন্যান্যরা। বক্তারা মনোজ পালের দীর্ঘদিনের জনসংযোগ ও বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকার কথা তুলে ধরেন। তাঁদের দাবি, মনোজ পালের পুরপতি থাকাকালীন ১১ নম্বর ওয়ার্ড-সহ শিলচরের বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। দলীয় প্রার্থীদের তুলনায় মনোজ পালকে দক্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করে তাঁরা নির্বাচনে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মনোজ পাল বলেন, পুরসভায় বিজেপির শাসনকালে সাধারণ মানুষের স্বার্থে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শহরে জল জমার সমস্যা, রাস্তাঘাটের বেহাল দশা এবং যানজট ক্রমশ বাড়ছে বলেও তিনি দাবি করেন। বিশেষ করে ১১ নম্বর ওয়ার্ডে যানজটকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে মনোজ পাল জানান, নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *