বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা পরিষেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি। সমাজকর্ম বিভাগ ও আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের শিলচর সেন্টারের যৌথ উদ্যোগে কর্মসূচিটি আয়োজিত হয়। সহযোগিতায় ছিল আসাম ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, আসাম ইউনিভার্সিটি নন-টিচিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টার।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ শুকাই। সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ দর্শনা পাটোয়া, শিক্ষক সংস্থার সভাপতি ড. অমিত কুমার দাস, কর্মচারী সংস্থার সভাপতি দেবাশিস চক্রবর্তী, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বি কে বেহেরা এবং শিলচর ক্যানসার সেন্টারের সুপারিনটেনডেন্ট কর্নেল (ডাঃ) বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন, ডিন অ্যাকাডেমিকস অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য প্রমুখ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কর্মসূচির সমন্বয়কারী ড. অদিতি নাথ।

সচেতনতা পর্বে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়। শিলচর ক্যান্সার সেন্টারের জোনাল কো-অর্ডিনেটর অভিজিৎ ভট্টাচার্য কেন্দ্রটির পরিষেবা, পরিকাঠামো ও রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সহায়তা সম্পর্কে বিস্তারিত জানান। স্তন ও জরায়ুর ক্যান্সার নিয়ে বক্তব্য রাখেন শিলচর ক্যান্সার সেন্টারের সিনিয়র রেডিয়েশন অনকোলজিস্ট ডঃ ফুলকুমারী তালুকদার। তিনি প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা এবং রোগীদের মধ্যে আশাবাদী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। মুখের ক্যানসার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন শিলচর ক্যান্সার সেন্টারের ডা: মনোজিৎ বণিক। সচেতনতার পাশাপাশি বাস্তব পদক্ষেপ হিসেবে একই দিনে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারে ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।



