বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ৪০টি ওয়ার্ডে পড়া ভোটের গণনা করা হয়। নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দুর্দান্ত ফলাফল করে মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে ৩৪টিতে জয়লাভ করেছে। বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদ (অগপ) ২টি ওয়ার্ডে জয় পেয়েছে। ফলে বিজেপি-অগপ জোটের দখলে মোট ৩৬টি ওয়ার্ড এসেছে।
অন্যদিকে, নির্দল প্রার্থীরা ৫টি ওয়ার্ডে জয়লাভ করে রাজনৈতিক সমীকরণে কিছুটা প্রভাব ফেলেছেন। কংগ্রেস মাত্র ১টি ওয়ার্ডে জয়লাভ করেছে। এর ফলে শিলচর পৌরনিগমে বিজেপির স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।
ভোট গণনার সময় একাধিক ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। কোথাও নির্দল প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আবার কোথাও কংগ্রেস প্রার্থীরা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে অধিকাংশ ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।
পুর নিগম নির্বাচনে কংগ্রেসের ফলাফল দলটির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস মাত্র ২টি ওয়ার্ডে জয়লাভ করেছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে কংগ্রেস প্রত্যাশিত ফলাফল করতে না পারায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এর বিপরীতে, ওয়ার্ড নম্বর ৩০-এ কংগ্রেস প্রার্থী সাক্ষী বণিক বিজেপি প্রার্থীকে ১৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করে দলের একমাত্র জয় নিশ্চিত করেছেন। সাক্ষী বণিকের জয় বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ নির্বাচনের আগে এই এলাকায় কংগ্রেসের জয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন হিসাব-নিকাশ চলছিল।
সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কংগ্রেসের হার নিয়ে আলোচনা
নির্বাচনের ফলাফল প্রকাশের পর শহরের বিভিন্ন রাজনৈতিক মহলে কংগ্রেসের ফলাফল নিয়ে আলোচনা তীব্র হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে কংগ্রেসের প্রত্যাশিত ফলাফল হয়নি। অন্যদিকে, ওয়ার্ড নম্বর ৩০-এ বিজেপিকে পরাজিত করে কংগ্রেস প্রার্থী সাক্ষী বণিকের জয় নির্বাচনের ফলাফলে একটি ভিন্ন রাজনৈতিক বার্তা দিয়েছে। এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শিলচর পৌরনিগমের মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছিল। দুটি ওয়ার্ডে ভোটগ্রহণের আগেই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ওয়ার্ড নম্বর ৯-এ বিজেপির বিজেন্দ্র প্রসাদ সিং এবং ওয়ার্ড নম্বর ২০-তে বিজেপির ভক্তি সেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কোন দলের দখলে কতটি ওয়ার্ড
বিজেপি — ৩২টি ওয়ার্ড
অগপ — ২টি ওয়ার্ড
নির্দল — ৬টি ওয়ার্ড
কংগ্রেস — ২টি ওয়ার্ড
বিজেপি ওয়ার্ড নম্বর ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৭, ২৮, ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ও ৪০-এ জয়লাভ করেছে।
অগপ ওয়ার্ড নম্বর ১৬ ও ২৬-এ জয় পেয়েছে। অন্যদিকে, নির্দল প্রার্থীরা ওয়ার্ড নম্বর ১, ১৯, ২৪, ২৫ ও ৪২-এ জয়ী হয়েছেন। কংগ্রেস ওয়ার্ড নম্বর ৩০ ও ৪১এ সাফল্য পেয়েছে।
এই ফলাফলের ফলে শিলচর পৌরনিগমে বিজেপি নেতৃত্বাধীন জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফলাফলকে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ এবং স্থানীয় সাংগঠনিক শক্তির সঙ্গেও যুক্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, কংগ্রেস মাত্র দু’টি ওয়ার্ডে সীমাবদ্ধ থাকায় পুর স্তরে সংগঠন ও জনভিত্তি আরও শক্তিশালী করা দলটির সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।



