ঘরবাড়ি, রাস্তা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা চরম হুমকির মুখে_____
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ মে : বর্ষার শুরুতেই ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথারকান্দির লোয়াইরপোয়া রাধাপুরী জিপির ৯ নম্বর ওয়ার্ডের আসাইঘাট গ্রামের বাসিন্দারা। লঙ্গাই নদীর ভয়ঙ্কর ভাঙনে একের পর এক বসতভিটা, রাস্তা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে এলাকার শতাধিক পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই লঙ্গাই নদীর ভাঙন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। এখনও বেশ কয়েকটি বাড়ি নদীর কিনারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে সেগুলিও নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নদীভাঙনের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থাও। নদীর পাড় ভেঙে যাওয়ায় চলাচলের প্রধান রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে বাঁশের সাঁকো ও ছোট নৌকার ওপর নির্ভর করেই মানুষকে নদী পারাপার করতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নদীভাঙন রোধে পাথরের বাঁধ নির্মাণ এবং যাতায়াতের সুবিধার্থে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।



