পূর্বনির্ধারিত পরিকাঠামো প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে জোর, কাছাড়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই :
কাছাড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা কমিশনারের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায় এবং জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে জেলার চলমান সড়ক ও অবকাঠামো প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়ক, শিলচর ফ্লাইওভার, আইএসবিটি সংযোগকারী সড়ক এবং বীরবল বাজার থেকে শিলচর মেডিক্যাল কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ওপর। পাশাপাশি জেলার আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।

পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত (আইএএস), এনএইচআইডিসিএলের এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাণ কিশান জাম্ভুলকর, এনএইচআইডিসিএল, পূর্ত বিভাগ (PWD), জনস্বাস্থ্য কারিগরি বিভাগ (PHE) এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।

বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। সাধারণ মানুষের যাতায়াত ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জেলার পরিকাঠামো উন্নয়নে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের সিদ্ধান্ত, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং দ্রুত কাজ শেষ করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *