দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচরের ঘুংঘুরস্থিত ঐতিহ্যবাহী রাধা সুদর্শন জিউর মন্দিরে শুক্রবার ফিরা রথ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ পূজার্চনা, যজ্ঞ, ভজন-কীর্তন, আরতি এবং মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় পরিবেশ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিয়ে বের হওয়া বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। রথযাত্রার পাশাপাশি অসংখ্য ভক্ত প্রভু জগন্নাথের দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন।
সন্ধ্যায় রথ পুনরায় মন্দিরে ফিরে এলে বিশেষ পূজা, আরতি, ভক্তিমূলক আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর। ধর্মীয় আবহে ভক্তদের উচ্ছ্বাস ও আন্তরিক অংশগ্রহণে ফিরা রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল ভক্ত, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘুংগুর রাধা সুদর্শন জিউর মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। তাঁদের মতে, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ বছরের ফিরা রথ উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ ও সফল করে তুলেছে।



