বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে গণবিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধে তীব্র যানজট

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুলাই : দীর্ঘদিনের বিদ্যুৎ পরিষেবার অনিয়ম, ঘন ঘন লোডশেডিং, প্রিপেইড মিটারের রিচার্জ সমস্যাসহ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে সোমবার উত্তাল হয়ে ওঠে তেলিয়ামুড়া। ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা প্রথমে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাঁরা তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে সামিল হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকদিন ধরে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অধীন একাধিক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

প্রতিবাদকারীরা আরও জানান, প্রিপেইড স্মার্ট মিটার চালুর পর গ্রাহকদের ভোগান্তি বহুগুণ বেড়েছে। রিচার্জ করতে গিয়ে সার্ভারজনিত সমস্যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি স্মার্ট মিটারের মাধ্যমে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।

এদিকে, জাতীয় সড়ক অবরোধের জেরে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে নিত্যযাত্রী, রোগী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
তবে আন্দোলনকারীদের সাফ বক্তব্য, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, প্রিপেইড মিটারের প্রযুক্তিগত সমস্যা দূর করা এবং গ্রাহকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *