বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : জাতীয় স্তরের মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন হাইলাকান্দি জেলার কন্যা তাহমিনা আনাম মজুমদার। গৌতম আদানির উদ্যোগে আয়োজিত ‘বন্দে ভারতম’-এর জাতীয় মঞ্চে তাঁর প্রতিষ্ঠান ‘রেস্পিরিট হেলথকেয়ার’ বিশেষ স্বীকৃতি পেয়েছে।
রেস্পিরিট হেলথকেয়ারের চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসেবে তাহমিনা মঞ্চে তাঁদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যসেবা সংক্রান্ত অত্যাধুনিক উদ্ভাবন তুলে ধরেন। জানা গেছে, ২৬ হাজারেরও বেশি আবেদনের মধ্য থেকে নির্বাচিত হয়ে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় রেস্পিরিট হেলথকেয়ার প্রায় ২ কোটি টাকা সিড ফান্ডিং পেয়েছে। এই সাফল্যের মাধ্যমে হাইলাকান্দির স্থানীয় প্রতিভা জাতীয় স্তরে স্বীকৃতি পেল বলে সংশ্লিষ্ট মহলে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
তাহমিনা আনাম মজুমদারের এই সাফল্য হাইলাকান্দি তথা সমগ্র অসমের জন্য গর্বের বলে অভিমত স্থানীয়দের। তিনি আলগাপুর-কাটলিছড়া বিধায়ক জুবায়ের আনাম মজুমদারের বোন।



