কাল থেকে শুরু হচ্ছে কেসি পাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শ্রীভূমিতে, প্রস্তুতি খতিয়ে দেখলেন কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার থেকে শ্রীভূমির ডিএসএ মাঠে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত কে. সি. পাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাকে ঘিরে গোটা জেলায় এখন উৎসবের আবহ। দেশ-বিদেশের নামী ফুটবল দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার রাত প্রায় আটটা নাগাদ ফের ডিএসএ মাঠ পরিদর্শন করেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা ও আয়োজক কমিটির সদস্যরা। মাঠ পরিদর্শনকালে দর্শকদের বসার ব্যবস্থা, গ্যালারি, মাঠের পরিবেশ এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন যাতে খেলোয়াড় ও দর্শকদের কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী।

পরে ডিএসএ-র সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজনকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি গত এক মাসেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রমের জন্য জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও মাঠকর্মীদের প্রশংসা করেন।

উল্লেখ্য, রবিবার বিকেল চারটায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর মাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এরপর সন্ধ্যা সাতটায় শুরু হবে প্রতিযোগিতার প্রথম ম্যাচ। এতে স্বাগতিক শ্রীভূমি একাদশের মুখোমুখি হবে নেপালের সেওয়াজেলো এফসি।

উদ্বোধনী ম্যাচ ঘিরে ইতিমধ্যেই জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সব মিলিয়ে রবিবার থেকে ডিএসএ মাঠে ফুটবলের মহারণ উপভোগ করতে মুখিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা। দেশ-বিদেশের দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা শ্রীভূমির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদী আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *