বিহারে বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের বাড়িতে চলল বুলডোজার

Spread the news

১৪ নভেম্বর : সরকারি রাস্তা জবরদখলের অভিযোগে বিহারের (Bihar) বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। শুক্রবার দ্বারভাঙার পৌখরাভিন্দা গ্রামে প্রশাসনিক দল অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণটি উচ্ছেদ করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামের স্থানীয় একটি রাস্তা, নিকাশি নালা এবং মন্দির সংলগ্ন সরকারি জমি জবরদখল করে পাঁচিল তোলার অভিযোগ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিহার সরকারের পোর্টাল ও মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ নথিভুক্ত করেন। এর প্রেক্ষিতে ডেপুটি কালেক্টর অজয় কুমার ও সার্কেল অফিসার অলোক কুমার ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোক করেন। পরিমাপের পর সরকারি রাস্তার জমি দখলের সত্যতা নিশ্চিত হলে সঙ্গে সঙ্গেই পাঁচিলটি ভেঙে দিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

সরকারি জমির পাশাপাশি মৈথিলীর বাবার বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি দখলের পৃথক অভিযোগও উঠেছে। গত ৭ নভেম্বর এক গ্রামবাসী স্থানীয় সার্কেল অফিসারের কাছে লিখিতভাবে জানান যে তাঁর জমিও দখল করা হয়েছে এবং প্রতিবাদ করায় মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। তবে বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *