রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর: শিলচর পুর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডে অগপ প্রার্থী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়ার সমর্থনে প্রচারে গিয়ে কংগ্রেস ও সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী কৌশিক রায়। মহিলাদের নিয়ে বিধায়কের মন্তব্যকে আপত্তিকর দাবি করে তাঁর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মন্ত্রী। নতুনভাবে পুর নিগমের অন্তর্ভুক্ত ২৬ নম্বর ওয়ার্ডটি আগে বেরেঙ্গা জিপির অধীনে ছিল। ওয়ার্ডটি শিলচর পুর নিগমের অন্তর্ভুক্ত হলেও সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনে। বিধায়ক আমিনুল হক লস্করের বাড়িও এই ওয়ার্ডে। রবিবার অগপ প্রার্থীর সমর্থনে আয়োজিত প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে কৌশিক রায় বলেন, “মহিলাদের অসম্মান করা কংগ্রেসের কালচার।”
মহিলাদের নিয়ে আমিনুল হক লস্করের ‘কোনও কাজ নেই’ মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, এই মন্তব্যের জন্য বিধায়ক ও কংগ্রেস নেতৃত্বের নারী সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাঁর অভিযোগ, আমিনুল বারবার হিন্দু-মুসলিমের প্রসঙ্গ তুলছেন। বর্তমান যুব সমাজ বিভাজনের রাজনীতি নয়, উন্নয়ন চায় বলেও মন্তব্য করেন তিনি।
কৌশিক রায় আরও বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপি-অগপ জোট সরকার রাজ্যের উন্নয়নে কাজ করছে। লক্ষীপুর পুরসভায় অগপ প্রার্থীর জয়ের প্রসঙ্গ তুলে শিলচর পুর নিগম নির্বাচনেও দলের চার প্রার্থী জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আমিনুল হক লস্করকে নিশানা করে মন্ত্রী অভিযোগ করেন, বিধায়ক তাঁর পুত্রকে ২৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করার চেষ্টা করেছিলেন, কিন্তু কংগ্রেস টিকিট দেয়নি। পরে কংগ্রেসের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ করলেও বর্তমানে তিনিই কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন বলে দাবি করেন কৌশিক।
বিজেপি সংখ্যালঘুদের উন্নয়নে কাজ করছে দাবি করে মন্ত্রী বলেন, এবার দল সাতটি আসনে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস’ মন্ত্রে দল কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। শিলচর পুর নিগমে বিজেপি নেতৃত্বাধীন বোর্ড গঠনের ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করেন কৌশিক রায়।

সভায় অগপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল ডেকা, সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য দাইয়ান হোসেন, প্রার্থী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়া, তাঁর স্বামী নাজিম হোসেন বড়ভূইয়া, সিরাজুল লস্কর-সহ বিজেপি-অগপ জোটের নেতারা উপস্থিত ছিলেন।




