দ্বিতীয়বারের জন্য বার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হাফিজ রশিদ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী  দ্বিতীয়বারের জন্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও সিকিমের বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে তাঁর এই নির্বাচনের খবরে আইনজীবী মহল ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অভিনন্দন জানানো হয়েছে।

অল ইন্ডিয়া লইয়ার্স কাউন্সিলের  জাতীয় সভাপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি  দেবাশিস কর গুপ্ত এবং সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্যরা হাফিজ রশিদ আহমদ চৌধুরীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বার্তায় তাঁর পুনর্নির্বাচনকে গর্বের বিষয় বলে উল্লেখ করা হয়েছে।

হাফিজ রশিদ আহমদ চৌধুরী বর্তমানে অল ইন্ডিয়া লইয়ার্স কাউন্সিলের অসম রাজ্য শাখার সভাপতি। পাশাপাশি তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় সচিবালয়েরও সদস্য। আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

তিনি এর আগে একটি আইন কলেজের অধ্যক্ষ, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং পাঁচ রাজ্যের যৌথ বার কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন। আইন, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তাঁর বহুমুখী ভূমিকার জন্য তিনি উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন মহলে পরিচিতি ও সম্মান অর্জন করেছেন বলে এআইএলসি–র অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে।
তাঁর দ্বিতীয়বারের এই নির্বাচন আইনজীবী মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, আইনি ব্যবস্থার উন্নয়ন এবং বার কাউন্সিলের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *