পানিসাগরে গাঁজা সহ আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : পানিসাগর রেলস্টেশনে বড়সড় মাদক বিরোধী সাফল্য পেল পুলিশ। রেলপথে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে প্রায় ১৯ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম স্বপন নাথ বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে পানিসাগর রেলস্টেশনে নজরদারি চালানো হচ্ছিল। আগরতলা থেকে আসা ট্রেন থেকে নামার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পরে স্থানীয়দের উপস্থিতিতেই বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্য।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের একাধিক আধিকারিক। উদ্ধার হওয়া গাঁজা পুলিশের হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত ব্যক্তি সিধাই মোহনপুর এলাকায় তার বোনের বাড়ি থেকে গাঁজা সংগ্রহ করে ট্রেনে করে পানিসাগরে নিয়ে আসে। সেখান থেকে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *