গোলাঘাটে কর্তব্যরত সাংবাদিককে বনকর্মীর হেনস্থা, নিন্দা গুয়াহাটি প্রেস ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : গোলাঘাটে কর্তব্যরত এনকে টিভির সাংবাদিক দেবাশিস সাহাকে দুই বনকর্মীর শারীরিক হেনস্থা ও দুর্ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গুয়াহাটি প্রেস ক্লাব। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে জেলায় বাজেয়াপ্ত হওয়া অতিরিক্ত বোঝাই পাথর-বালি ভর্তি দু’টি ডাম্পার নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে রাতে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক দেবাশিস সাহা। অভিযোগ, সেই সময় বনকর্মী অংকুর মহন্ত ও প্রকাশ দাসের নেতৃত্বে আসা বন বিভাগের একটি দল মদ্যপ অবস্থায় তাঁর সঙ্গে অভব্য আচরণ করে এবং ক্যামেরা ভাঙার চেষ্টা করে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ক্যামেরায় ধারণ করা হয়েছে।

গুয়াহাটি প্রেস ক্লাবের সভাপতি খগেন কলিতা ও সাধারণ সম্পাদক অমরেন্দ্র ডেকার বক্তব্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের একজন কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলা ও হুমকির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং অগণতান্ত্রিক। দুর্নীতি ও অনিয়মের খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীর কণ্ঠরোধের এ ধরনের প্রচেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার পর আক্রান্ত সাংবাদিক গোলাঘাট থানায় এজাহার দায়ের করেছেন। প্রেস ক্লাব অসম সরকারের বন বিভাগ ও পুলিশ প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিক নিগ্রহের সঙ্গে জড়িত অভিযুক্ত বনকর্মী অংকুর মহন্ত, প্রকাশ দাস-সহ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে প্রেস ক্লাব। একই সঙ্গে কর্তব্যরত সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *