২২ নভেম্বর : মর্মান্তিক দুর্ঘটনা! রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনাটি ঘটেছে কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরা গ্রামের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গভীর রাত প্রায় ২টো নাগাদ দ্রুতগতিতে আসা একটি ক্রুজার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। গাড়িতে মহারাষ্ট্রের একই পরিবারের মোট ১৫ জন সদস্য ছিলেন। রাজস্থানের খাটু শ্যামজির মন্দির দর্শন করে তাঁরা বাড়ি ফিরছিলেন।

প্রাথমিক অনুমান, গাড়ি চালাতে চালাতে চালকের চোখ লেগে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম উষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। পাশাপাশি আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল।



