বরাক তরঙ্গ, ১২ মে : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যের নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা ড° হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর সরকারকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন সরকার রাজ্যের সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধানে সফল হবে।
বিবৃতিতে অসম বার্তাজীবী সংঘের পক্ষ থেকে নতুন সরকারের কাছে রাজ্যের সাংবাদিক ও সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও জানানো হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একইসঙ্গে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথাও সাংবাদিকরাই সরকারের নজরে তুলে ধরেন।
তাঁরা অভিযোগ করেন, মানুষের স্বার্থে নিরন্তর কাজ করে চললেও অসমের সাংবাদিকরা আজও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাংবাদিকদের জন্য ঘোষিত স্বাস্থ্যবিমা প্রকল্প এখনও কার্যকর হয়নি বলেও তাঁরা উল্লেখ করেন। পাশাপাশি সাংবাদিক নিগ্রহের ঘটনাও পুরোপুরি বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে গঠিত কমিশন সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সুপারিশ করলেও রাজ্যের হাতে গোনা কয়েকটি সংবাদ গোষ্ঠী ছাড়া অধিকাংশ সাংবাদিক সেই সুবিধা থেকে এখনও বঞ্চিত। নির্দিষ্ট একটি অংশ বাদ দিলে অধিকাংশ সাংবাদিক ও সংবাদকর্মীর জীবনযাত্রার মানেরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে দাবি করা হয়।
অর্থাভাবে বহু সাংবাদিক এখনও উপযুক্ত চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে অসম বার্তাজীবী সংঘের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা আশা প্রকাশ করেন, নতুন সরকার সাংবাদিক ও সংবাদকর্মীদের সমস্যাগুলির সমাধান এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে।



