মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ মে : NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে মঙ্গলবার শ্রীভূমি জেলা প্রশাসনের দ্বারস্থ হয় জেলা NSUI কমিটি। জেলা কমিশনারের অনুপস্থিত থাকায় সংগঠনের প্রতিনিধিরা জেলা পরিষদের সিইও-র হাতে এক স্মারকলিপি তুলে দেন।
এনএসইউআই নেতৃত্বের অভিযোগ, বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। মেধাবী ও পরিশ্রমী ছাত্রছাত্রীদের স্বপ্ন নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলা বন্ধ করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি এনএসইউআই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রমহলেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।



