মুখ্যমন্ত্রীসহ চার মন্ত্রীকে অভিনন্দন মোদির

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বড়ো ও অজন্তা নেওগ-কেও শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদি এক্স-এ পোস্ট করে বলেন, “টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শপথ গ্রহণের জন্য ড. হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানাই। তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন এবং অসমের জন্য বহু যুগান্তকারী কাজ করেছেন। আগামী কার্যকালের জন্য তাঁর প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।”

অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “অসম সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শ্রী রামেশ্বর তেলি, শ্রী অতুল বরা, শ্রী চরণ বড়ো এবং শ্রীমতী অজন্তা নেওগকে অভিনন্দন জানাই। অসমের উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করতে তাঁদের ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা রইল।”

খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, বিজেপি নেতা নীতীন নবিন-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

ড. হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি বিজেপির দুই নেতা রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, মিত্রদল অসম গণ পরিষদের অতুল বড়া এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের চরণ বড়ো মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। রামেশ্বর তেলি ছাড়া বাকি তিনজন আগের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মন্ত্রিসভাতেও ছিলেন।

অন্যদিকে দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করার পর রামেশ্বর তেলি রাজ্য রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১২৬টি আসনের মধ্যে বিজেপি ৮২টি আসন লাভ করে। মিত্রদল অসম গণ পরিষদ ১০টি এবং বিপিএফও ১০টি আসন দখল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *