কাটিগড়াবাসীর জন্য সুখবর, চৌরঙ্গী বাজারে স্থাপিত হচ্ছে এসবিআই-র নতুন শাখা

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট :
কাটিগড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণের পথে। কাটিগড়ার চৌরঙ্গী বাজার এলাকায় স্থাপিত হতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর একটি নতুন শাখা। গুরুত্বপূর্ণ এই উদ্যোগে এলাকায় ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশাবাদী স্থানীয়রা। চৌরঙ্গী বাজার এলাকায় নতুন শাখা স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই উপযুক্ত ঘর ভাড়ায় নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে খুব শিগগিরই নতুন শাখার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, কাটিগড়ায় এসবিআই-এর নতুন শাখা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপি কাটিগড়া মণ্ডলের সভাপতি বিশালাক্ষ দেব (বাবলা)।

নতুন ব্যাঙ্ক শাখা চালু হলে কাটিগড়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক উপকৃত হবেন। বিশেষ করে ব্যাংকিং পরিষেবার জন্য দূরবর্তী শাখায় যাতায়াতের প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

কাটিগড়ায় এসবিআই-এর নতুন শাখা স্থাপনের খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় মহলে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *