বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নতুন এক্স-রে পরিষেবা কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় মা সারদা দাতব্য চিকিৎসালয়ে ফিতা কেটে নতুন পরিষেবার শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রীভূমির সম্পাদক স্বামী প্রেমঘনানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ, ডাঃ সত্য ভট্টাচার্যসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, চিকিৎসক ও রোগীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করেই সেবাশ্রমে নতুন এক্স-রে মেশিন আনা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেবাশ্রমের এই উদ্যোগ স্থানীয় জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, বেলুড় মঠের নির্দেশনা ও কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ধ্যানচাঁদের জন্মদিন তথা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজনের কথাও ঘোষণা করা হয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ক্রীড়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কর্মসূচিটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সেবাশ্রম সূত্রে জানা গেছে।



