বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : দুধনৈয়ের দামরা এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শনিবার রাতে দুষ্কৃতীরা ব্যবসায়ী আবু সৈয়দকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় তাঁর বুকে পরপর চারটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় দামরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে ব্যবসায়ী আবু সৈয়দকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



