পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শিলচরের বিকল্প রেল স্টেশন হিসেবে দুধপাতিল (নেতাজিনগর)-এ নতুন স্টেশন নির্মাণের কোনও প্রস্তাব নেই। তবে এর পার্শ্ববর্তী লাঠিগ্রামে একটি রেলস্টেশন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন দিক থেকে লাঠিগ্রামে স্টেশনটি স্থাপন করা হলে তা বেশি সুবিধাজনক হবে বলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফ্যাসিলিটিজ ফেডারেশনের সর্বভারতীয় সভাপতিকে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম। অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফ্যাসিলিটিজ ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি তথা জেডআরইউসিসির সদস্য ড. পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাশ উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এর জবাবেই জিএম বিষয়টি জানান।
ড. দাশকে জিএম আরও জানান, লঙ্কা-ময়নারবন্দ বিকল্প সড়ক নির্মাণের জন্য ডিপিআর (বিস্তারিত প্রকল্প প্রতিবেদন) রেল বোর্ডে পাঠানো হয়েছে। ময়নারবন্দে স্টপেজ-সহ জনশতাব্দী এক্সপ্রেস চালুর প্রস্তাবও রেল বোর্ডে পাঠানো হয়েছে।
শিলচর ও ধর্মনগরের মধ্যে দৈনিক রেল পরিষেবা চালুর দাবির প্রসঙ্গে জিএম জানান, এই রুটে বর্তমানে পর্যাপ্ত সংখ্যক ট্রেন চলাচল করছে। ফলে এই মুহূর্তে নতুন কোনও ট্রেন চালু করা সম্ভব নয়।
এদিকে, ৪২৭ কিলোমিটার দীর্ঘ গুয়াহাটি-শিলচর রুটে একটি ট্রেন ২৪ ঘণ্টার মধ্যে গুয়াহাটিতে ফিরে আসতে পারে না। পাশাপাশি শিলচরে টার্মিনালের পরিকাঠামোগত অসুবিধাও রয়েছে। তাই এই রুটে বর্তমানে জনশতাব্দীর মতো নতুন কোনও ট্রেন চালু করা সম্ভব নয় বলে জানানো হয়।
এছাড়া পাহাড় লাইনে পথের সমস্যার কারণে নাহরলাগুন ও শিলচরের মধ্যে চলাচলকারী সাপ্তাহিক ট্রেনটি বন্ধ করা হয়েছে বলেও জিএম জানান। মাজুলীকে সংযুক্ত করে গগামুখ ও নিমাতিঘাটের মধ্যে রেললাইন নির্মাণের প্রসঙ্গে শ্রীবাস্তব জানান, এই প্রকল্পের ডিপিআরও রেল বোর্ডে পাঠানো হয়েছে।



