বরাক তরঙ্গ, ২১ আগস্ট : প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক বিজ্ঞান ও কলা প্রদর্শনী। শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও শৈল্পিক প্রতিভার পরিচয় তুলে ধরে।
প্রদর্শনীর উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. বিভাস দেব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা চন্দনা দাস, পরিচালনা কমিটির সম্পাদক সুধাংশু দাস, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষা উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে প্রধান অতিথিকে সম্মান জানান।
বিজ্ঞান বিভাগের স্টলগুলোতে স্মার্ট সিটি, বৃষ্টির জল সংরক্ষণ, জল পরিশোধন, সৌরশক্তি, চন্দ্রযান-৩, স্বয়ংক্রিয় কৃষি ব্যবস্থা, ডাইজেস্টার, ইলেকট্রনিক ফেন্সিংসহ বিভিন্ন কার্যকরী মডেল প্রদর্শিত হয়। কলা ও সংস্কৃতি বিভাগে চিত্রকর্ম, মাটির শিল্প, ‘অনুভূতির বৃক্ষ’, অসমের সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতের হস্ততাঁত মানচিত্র, গথিক ক্যাথেড্রাল, পুতুলনাচ এবং বাংলা ও হিন্দি সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও কর্ম তুলে ধরা হয়।
সমাপ্তি বক্তব্যে ড. বিভাস দেব শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করে বলেন, ভবিষ্যৎ দেশের কর্ণধারদের নতুন চিন্তা ও উদ্ভাবনী মনোভাব গড়ে তুলতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



