বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : পাথারকান্দি অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও সমাজসেবী মদনমোহন সিনহার প্রয়াণে খালোপার উন্নয়ন কমিটি, রাধামাধব সেবা সমিতি এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার যৌথ উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়। রবিবার নয়াডহরে তাঁর বাসভবনে শোকসভায় বিশিষ্টজন, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
সভা শুরুতেই উপস্থিত সকলেই এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। শোকসভার পরিবেশে উঠে আসে তাঁর সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি ও অভিজ্ঞতা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মদনমোহন সিনহা শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক ও সমাজগঠক। খালোপার এম ই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য ছাত্র-ছাত্রীর জীবনে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। শিক্ষার পাশাপাশি তিনি ছাত্রদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার পাঠ দিতেন।
একজন দক্ষ সংগঠক হিসেবেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাধামাধব সেবা সমিতি ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার প্রতাপগড় আঞ্চলিক কমিটির সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
খালোপার উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান আজও স্মরণীয়। রাস্তা, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে তাঁর উদ্যোগ সাধারণ মানুষের কাছে তাঁকে অভিভাবকের মর্যাদা এনে দেয়।
এছাড়াও তিনি একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি হিসেবে স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেন এবং সুস্থ জীবনযাপনের বার্তা দিতেন। তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম।
উল্লেখ্য, খালোপার এম ই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মদনমোহন সিনহা গত ১৭ এপ্রিল নয়াডহরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।



