বরাক তরঙ্গ, ১৭ মে : পানবাজার মহিলা থানার জালে ধরা পড়ল এক প্রতারক যুবক। ধৃতের নাম চিন্ময় দত্ত। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। পরে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগও ওঠে চিন্ময়ের বিরুদ্ধে।
জানা গেছে, যুবতীর অনিচ্ছা সত্ত্বেও গর্ভপাত করানো হয়। এর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। স্বাস্থ্যগত জটিলতা দেখা দেওয়ার পর অভিযুক্ত যুবক ধীরে ধীরে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে বলে অভিযোগ। সমগ্র ঘটনার পর ভুক্তভোগী যুবতী পানবাজার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্ত চিন্ময় দত্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত চিন্ময় দত্তের বাড়ি গুয়াহাটি মহানগরের গোটানগর এলাকায় বলে জানা গেছে।



