বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শ্রীভূমি শহরের সেটেলমেন্ট মাইজডিহি এলাকার বাসিন্দা অজিত ধরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান, গত ২৩ এপ্রিল এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেপরোয়া গাড়ি চালানোর জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অজিত ধর প্রাণ হারান এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) জানায়, প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, অজিত ধরের পরিবারের নিকটাত্মীয়দের জন্য এককালীন ২০ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়ার দাবিও জানানো হয়েছে।
দলটি জেলা প্রশাসন ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানায়, প্রশাসনিক গাফিলতির কারণে করিমগঞ্জ শহরের রাস্তাঘাট বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত তিন মাসে একাধিক মানুষ বেপরোয়া গাড়ি চালনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে অবিলম্বে শহরের বেহাল সড়কগুলির সংস্কার করে উন্নত মানের রাস্তা নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, যানবাহন চলাচলে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।



