অনিয়মের অভিযোগে গ্রেপ্তার আনিপুর সমবায়ের প্রাক্তন সম্পাদক

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে আনিপুর কো-অপারেটিভ সোসাইটির প্রাক্তন সম্পাদক সালেহ আহমদকে গ্রেপ্তার করেছে রাতাবাড়ি থানার পুলিশ। সোমবার রাত প্রায় ১০টা নাগাদ রামকৃষ্ণনগর সার্কেলের পুলিশ পরিদর্শক আনসুল শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সমবায় সমিতির সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন সালেহ আহমেদ। এরপর থেকেই তিনি প্রকাশ্যে ছিলেন না বলে স্থানীয় সূত্রে দাবি। সোমবার রাতে গোপন সূত্রে তাঁর অবস্থান সম্পর্কে খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তার সালেহ আহমেদকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, তা জানা যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সমবায় সমিতিতে ওঠা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগের প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *