ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু

Spread the news

১১ মে : ইডির হাতে গ্রেপ্তার বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসু। সোমবার সকাল ১১টা নাগাদ ইডির দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী। তার পর থেকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সোমবার তাঁকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, আগামীকাল তাঁকে আদালতে পেশ করতে পারে ইডি। তাঁর আগে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হতে পারে। এর আগে ১ মে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। ভোট ঘোষণার পরে এই প্রথম তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন।

ভোট চলাকালীন বার বার ইডির তলব এড়িয়েছিলেন সুজিত বসু। তার পরে হাইকোর্টের নির্দেশে, দ্বিতীয় দফার ভোটগ্রহণের পরে ১ মে তিনি ইডির কাছে হাজিরা দিয়েছিলেন। এর আগেও একাধিকবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। অবশেষে ভোটের ফলাফল ঘোষণার পরে আজ ফের একবার হাজিরা দিতে যান প্রাক্তন মন্ত্রী। প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় তাঁকে। সুজিত বসু রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী। তিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানও ছিলেন।

এর আগে SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীল নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময়ে অয়ন শীলের অফিসে হানা দিয়ে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই। তা নিয়ে তদন্তের সূত্র ধরে সামনে আসে একাধিক পুরসভার নিয়োগ দুর্নীতির ঘটনা। ওই দুর্নীতিতে মোটা অঙ্কের টাকা লেনদেনের ঘটনা সামনে আসে। সেই তদন্তে সামনে এসেছিল তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম। ওই মামলার তদন্তেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুজিত বসুর অফিস ও বাড়িতেও আগে তল্লাশি চালানো হয়েছিল। ইডির তদন্তের মুখে পড়তে হয়েছে সুজিতের ছেলেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *