শিলচর ফুটবল অ্যাকাডেমির কোচেস ওয়ার্কশপ

Spread the news


ইকবাল লস্কর, শিলচর।

বরাক তরঙ্গ, ২১ জুন : শিলচর ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে শুরু হল কোচেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। শনিবার অ্যাকাডেমির কোচেস ডেভেলপমেন্ট প্ল্যানের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য হল কোচিংয়ের মানোন্নয়ন, তৃণমূল স্তরের ফুটবলকে শক্তিশালী করা এবং বরাক উপত্যকার ফুটবল পরিকাঠামোর বিকাশে সহায়তা করা। পিজি গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় গ্রাসরুট ফুটবল, বয়সভিত্তিক কোচিং, খেলোয়াড় গড়ে তোলার পদ্ধতি এবং আধুনিক ফুটবল ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে ছোটদের ফুটবল শেখার প্রাথমিক পর্যায়ে কেবল খেলায় জয়ের জন্য লড়াই না করে তাদের অংশগ্রহণ, দক্ষতা, আত্মবিশ্বাস, বলের সঙ্গে পরিচিতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর দিকে জোর দেওয়া যায়। পাশাপাশি, খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি বিকাশের জন্য ইতিবাচক ও আনন্দময় প্রশিক্ষণ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও কোচদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শিলচর ফুটবল অ্যাকাডেমির প্রধান কোচ তথা এএফসি ‘এ’ লাইসেন্সপ্রাপ্ত কোচ প্রবাল পি ডেকা বলেন, ফুটবলে কোচিং খেলার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। দক্ষ কোচ তৈরি করা গেলে শিশু ও তরুণ ফুটবলারদের জন্য আরও উন্নত শেখার পরিবেশ তৈরি হবে। আগামীকাল দ্বিতীয় দিনেও কর্মশালার মাঠ পর্যায়ের ও শ্রেণিকক্ষ ভিত্তিক সেশন চলবে।

উল্লেখ্য, কর্মশালার প্রশিক্ষণের প্রথম দিনে বরাক উপত্যকা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল কোচ ও আগ্রহী প্রশিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এরমধ্যে আছেন কীর্ত সুরিন, শুভমিত্র বিশ্বাস, অর্পণ, সুধাংশু তেলি, সনাতন চাসা, নিকেতন সিংহ, জ্যোতিষ সিংহ, শংকর কর্মকার, গাইহাম রংমাই ও দীনদয়াল থাপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *