বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডের নির্বাচনের ফলাফল ঘোষণার পর মিত্রজোটের জয়ে অগপের কাছাড় জেলা কার্যালয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ৪২টি আসনের মধ্যে বিজেপি ৩৪টি এবং অগপ ২টি আসনে জয়ী হয়। অগপের ১৬ নম্বর ওয়ার্ডে মিয়া খান ও ২৬ নম্বর ওয়ার্ডে অগপ মনোনীত প্রার্থীর সাবিনা ইয়াসমিন বড়ভূইয়ার জয়ে দলীয় কার্যালয়ে আতশবাজি ফুটিয়ে আনন্দ ভাগ করে নেন নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কে.এইচ. বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কবির আহমদ বড়ভূইয়া, শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক, সহ-সভাপতি সঞ্জীব নাথসহ অন্যান্যরা।
বিমলেন্দু সিংহ বলেন, মিত্র জোট সরকার রাজ্যে যে সার্বিক উন্নয়নমূলক কাজ করে চলেছে, তার প্রতি আস্থা রেখেই শিলচরবাসী মিত্রজোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেছেন। এই জয় অগপ ও বিজেপির সকল স্তরের নেতা-কর্মীর জয় বলেও মন্তব্য করেন তিনি।
কবির আহমেদ বড়ভূইয়া বলেন, উন্নয়নের স্বার্থে শিলচরবাসী যেভাবে মিত্র জোটকে বিপুল ভোটে জয়ী করেছেন, তা শিলচর পুর নিগম নির্বাচনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন) বিজয়ী সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই জয় শিলচরবাসীর জয়, উন্নয়নের জয় এবং মিত্রজোটের জয়।



