বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : ‘রোড সেফটি’র নাম করে ট্রাকচালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাল শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, কাবুগঞ্জের নিকটবর্তী একটি এলাকায় একদল ব্যক্তি ট্রাক দাঁড় করিয়ে চালকদের কাছ থেকে ‘রোড সেফটি’র নামে টাকা আদায় করছিলেন।
বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ট্রাকচালকরা। অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, সড়ক নিরাপত্তার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এভাবে ট্রাকচালকদের কাছ থেকে অর্থ আদায়ের অধিকার নেই। যদি অর্থ আদায়ের ক্ষেত্রে সরকারি অনুমোদন বা বৈধতা না থাকে, তাহলে এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে এ ধরনের অর্থ আদায় বন্ধ করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, এর সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে অর্থ আদায় করা হচ্ছিল, তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ‘রোড সেফটি’র নামে অর্থ আদায়ের কোনও বৈধ সরকারি বিধান বা অনুমতি রয়েছে কি না, তাও স্পষ্ট করার দাবি উঠেছে। ঘটনাকে ঘিরে কাবুগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ট্রাকচালকদের তোলা অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে।



