ফেসবুক লাইভে গো-মাংস ভক্ষণ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর ভিএইচপি-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কমিটি। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ফয়জ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি রবিবার আনুমানিক দুপুর ৩টার দিকে ফেসবুকে লাইভে এসে গো-মাংস ভক্ষণ করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, ওই লাইভে তিনি মুসলিম সমাজের যুবকদের হাতে কুড়াল নিয়ে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগামী শুক্রবার, ২৮ আগস্ট পেশকার জাঙ্গাল থেকে সোনাই, ভাগা, ধলাই ও কাবুগঞ্জ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গরু কাটার কথা বলেন। পাশাপাশি তাঁর বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হুমকি ও উসকানিমূলক মন্তব্য ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা শাখার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট ফেসবুক ভিডিওটি সম্পূর্ণভাবে পর্যালোচনা করলে অভিযুক্তের বক্তব্যের প্রকৃতি স্পষ্ট হবে। এ ঘটনায় এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক লাইভ ভিডিওর লিংকও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে অভিযোগে উত্থাপিত বক্তব্যগুলোর সত্যতা ও ভিডিওর প্রেক্ষাপট তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *