হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ আটে এফসি জারইলতলা

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে শুক্রবার এক রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ৭-৬ গোলে জয় ছিনিয়ে নিল এফসি জারইলতলা। নির্ধারিত সময়ের খেলায় রবিন কাইদেম অ্যাকাডেমি (লক্ষীপুর) ও এফসি জারইলতলা (রানিঘাট) ২-২ গোলে সমতা বজায় রাখে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। খেলার ৪ মিনিটেই রাজদীপের গোলে এগিয়ে যায় রবিন কাইদেম অ্যাকাডেমি। এরপর পাল্টা আক্রমণ ও প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। ২৮ মিনিটে টলো’র গোলে ব্যবধান দ্বিগুণ করে রবিন কাইদেম অ্যাকাডেমি। প্রথমার্ধের খেলা ২-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে লক্ষীপুরের দলটি।

দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে এফসি জারইলতলা। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে রানিঘাটের দলটি। ৪৫ মিনিটে টিংজিতের গোলে ব্যবধান কমায় তারা। এরপর একের পর এক আক্রমণে রবিন কাইদেমের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে জারইলতলা। খেলার ৫৫ মিনিটে আরুপের গোলে সমতা ফিরিয়ে আনে এফসি জারইলতলা। ফলে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানেও চলে তীব্র উত্তেজনা। শেষ পর্যন্ত ৭-৬ গোলে জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখে এফসি জারইলতলা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জারইলতলার টিংজিৎ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি তথা প্রাক্তন ফুটবলার সাজু লস্কর এবং ভাগা-চান্নিঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সিপ্পার আহমেদ লস্কর।

ম্যাচ পরিচালনা করেন জাফর বড়ভূইয়া, আবুল হাসান ও সাহিদ চৌধুরী। আগামীকাল টুর্নামেন্টে কোনও খেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তী কোয়ার্টার ফাইনালের সূচি পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *